প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:১১

বগুড়ায় গর্ভবতী নারীর মৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর, ভুল চিকিৎসার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় গর্ভবতী নারীর মৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর, ভুল চিকিৎসার অভিযোগ

বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় অবস্থিত প্রভাতী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ এক গর্ভবতী নারীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জবা বালা রানী (৩০) কাহালু উপজেলার শিবাকলমা ইউনিয়নের শিপন চন্দ্রের স্ত্রী। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্বজনদের অভিযোগ, বুধবার তলপেটে তীব্র ব্যথা শুরু হলে জবাকে প্রভাতী হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে এবং গর্ভপাত করাতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে ইনজেকশন দেওয়ার পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এরপর মরদেহ নিয়ে স্বজনরা প্রভাতী হাসপাতালে ফিরে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি এবং হাসপাতালের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে।

নিহতের স্বামী শিপন চন্দ্রসহ স্বজনদের অভিযোগ, চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই জবার মৃত্যু হয়েছে। তারা দাবি করেন, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হাসপাতালের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে হাসপাতালের ম্যানেজার রুবেল বলেন, ঘটনাটি দুঃখজনক এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি দাবি করেন, রোগীর স্বজনরা হঠাৎ হাসপাতালে ঢুকে ভাঙচুর ও কর্মীদের মারধর করেছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

নিহতের স্বজনরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপরে