প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৫২

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর।

পুলিশ জানায়, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত ৩০ আগস্ট রুবেল প্রাং নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পান করার সময় মিজানুরসহ আরও ৪-৫ জন মোটরসাইকেলে এসে রুবেলকে জোরপূর্বক একটি অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং সঙ্গে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দির এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

উপরে