মোবাইল সার্ভিসিং এসোসিয়েশনের সভাপতি এ কে এম শরীফ খলিফা ডালিমের ইন্তেকাল
বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার বাসিন্দা ও মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আলহাজ্ব এ কে এম শরীফ খলিফা (ডালিম) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতকালে তার বয়ষ হয়েছিল ৭০ বছর।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে শহরের জমিদার বাড়ির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে আংশিক পক্ষাঘাতে ভুগছিলেন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও থেরাপি নিচ্ছিলেন।
মরহুম ডালিম ছিলেন সংগঠক ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। তার প্রতিষ্ঠিত সংগঠন মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন অব বাংলাদেশের মাধ্যমে নিয়মিত শ্রমিকদের অধিকার, মে দিবস উদযাপন, ইফতার মাহফিল ও বিভিন্ন জাতীয় দিবস পালন করতেন। সংগঠন পরিচালনায় তিনি ব্যক্তিগত অর্থ ব্যয় করে কর্মচারী নিয়োগ ও প্রচারণা চালিয়েছেন বলেও জানা যায়।
ব্যবসায়িক জীবনে তিনি দীর্ঘদিন মোবাইল সার্ভিসিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। শহরের সপ্তপদী মার্কেটের পশ্চিম গেট সংলগ্ন “ইসলামীয়া মোবাইল শপ” তার সর্বশেষ ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার বড় ছেলে মোমিনুল ইসলাম ডলার সেখানে ব্যবসা পরিচালনা করছেন। ছোট ছেলে তৌহিদুল ইসলাম (লিখন) একজন মেরিন ইঞ্জিনিয়ার।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শিক্ষানুরাগী ও ভ্রমণপ্রিয়। পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়ের সন্তানদের প্রতিও তার বিশেষ দায়িত্ববোধ ছিল।
শনিবার বাদ আছর বৃন্দাবনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, সংগঠক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
