বগুড়ায় পায়ের তৈরী খামিরে বানানো হচ্ছে সেমাই, জরিমানা ৩ লাখ
কাহালু উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘ভাই ভাই লাচ্ছা সেমাই’ নামের একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কারখানাটিতে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। শ্রমিকদের ময়লাযুক্ত পায়ে সেমাইয়ের ময়দার খামির (ডো) মাড়াতে দেখা গেছে। এছাড়া ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহার করে সেমাই ভাজার প্রমাণও পাওয়া যায়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. রাসেল বলেন, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছিল। টয়লেটের দরজার সামনেই সেমাইয়ের প্যাকেটজাত ঝুড়ি স্তূপ করে রাখা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
যৌথ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদি হাসান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানের সময় জেলা পুলিশ ও র্যাব-১২ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
