প্রকাশিত : ১ মার্চ, ২০২৬ ২৩:৩১

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও দই উৎপাদন: কারখানাকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও দই উৎপাদন: কারখানাকে এক লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও দই উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে ‘নাহিদ অ্যান্ড নাদিম ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিছরি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। ক্ষতিকর কালিযুক্ত নিউজপ্রিন্ট কাগজে সেমাই মুড়িয়ে রাখা হয়েছে। সেমাই সংরক্ষণের খাঁচাগুলো ছিল অপরিচ্ছন্ন ও জীবাণুযুক্ত। ফ্রিজে রাখা দইয়ে ছত্রাক (ফাঙ্গাস) দেখা গেছে এবং দই সংরক্ষণে ব্যবহার করা হচ্ছিল নন-ফুড গ্রেড প্লাস্টিক, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করে।

উপরে