বগুড়া-৬ উপনির্বাচনে মনোনয়ন জমা ঘিরে বিএনপির দুই নেতার হাতাহাতি
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম-এর মনোনয়নপত্র জমা দিতে বিপুলসংখ্যক নেতাকর্মী নির্বাচন অফিসে উপস্থিত হন। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন-এর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।
উপস্থিত জ্যেষ্ঠ নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে আলী আজগর তালুকদার হেনা বলেন, “মনোনয়ন জমা দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে জেলা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।”
অন্যদিকে শেখ তাহা উদ্দিন নাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। গুরুত্বপূর্ণ এই আসনে মনোনয়ন জমা দেওয়ার দিন দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রকাশ্য কোন্দল স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ঘটনার সময় জেলা ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
