প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০১:৪৮

মিথ্যা মামলা ও নিরাপত্তাহীনতার অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি ভুক্তভোগীর

খবর বিজ্ঞপ্তিঃ
মিথ্যা মামলা ও নিরাপত্তাহীনতার অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি ভুক্তভোগীর

বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোছা. রিমু আক্তার নামে এক নারী মাহবুব সাঈদী নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা, নির্যাতন, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যা করতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিমু আক্তার বলেন, গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে একই স্থানে তিনি প্রথমবার অভিযোগ তুলে ধরেন। এরপর প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, মাহবুব সাঈদী এবং তার ম্যানেজার রুবেলের প্রভাবে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় (নং ২২৪৯ সি/২০২৪ সদর) প্রভাব খাটিয়ে ভুয়া তদন্ত প্রতিবেদন তৈরি করে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জামিন করাতে পরিবারের আর্থিক দুরবস্থার কথাও তুলে ধরেন রিমু আক্তার।

তিনি আরও অভিযোগ করেন, তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন টিএমএসএস হাসপাতালের পেছনে থাকা একটি চায়ের দোকানেও হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তার ছোট বোনকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। অসুস্থ বাবার শারীরিক অবস্থাও অবনতির কথা জানান।

রিমু আক্তার বলেন, তার বাবার ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং ব্যবসায়িক শেয়ারের বিষয়েও বিরোধ চলছে। থানায় অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি রাষ্ট্র ও প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে পরিবারসহ আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া উপায় থাকবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

উপরে