প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ২৩:৪০

বগুড়ায় চুরি হওয়া ২৭০ মণ চাল উদ্ধার

পৃথক দুই অভিযানে মিলল ৪২০ বস্তা, গ্রেপ্তার নেই
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় চুরি হওয়া ২৭০ মণ চাল উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় ২৭০ মণ চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ও গোসাইবাড়ি ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪২০ বস্তা চাল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি হিলি সীমান্ত থেকে ট্রাকযোগে ২৬ কেজি ওজনের ৪২০ বস্তা ‘ইন্ডিয়ান হোয়াইট গোল্ড সিল্কি সোর্টেক্স’ চাল বগুড়ার উদ্দেশে রওনা দেয়। ২৬ ফেব্রুয়ারি রাতে ট্রাকের চালক হারুন মিয়া ট্রাকসহ নিখোঁজ হন বলে মালিকপক্ষ আজাদ গ্রুপ দাবি করে। চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে কোম্পানির লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বগুড়া সদর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে এবং ধুনট থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিকাশী ইউনিয়নের বড়চাপড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সুরুজ মিয়ার বসতঘর থেকে ৩৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামের মৃত আব্দুল মান্নান মণ্ডলের ছেলে মইনুল মণ্ডলের বাড়ি থেকে আরও ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। দুই স্থান থেকে মোট ৪২০ বস্তা চাল জব্দ করা হয়, যার ওজন প্রায় ২৭০ মণের বেশি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এটি সদর থানার মামলা। সদর থানার একটি টিম অভিযান পরিচালনা করেছে, ধুনট থানা তাদের সহযোগিতা করেছে।

অভিযান পরিচালনাকারী এসআই মেহেদী হাসান জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতরা পলাতক রয়েছেন। উদ্ধারকৃত চাল জব্দ করে বগুড়া পুলিশ লাইন্সে রাখা হয়েছে। চালের প্রকৃত মালিককে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি এসে মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।

উপরে