প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ২৩:৫০

ইরানে আগ্রাসন বন্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

জোহরের পর মিছিল, সাতমাথায় সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
ইরানে আগ্রাসন বন্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ইরানে আগ্রাসন বন্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) জোহর নামাজের পর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ-এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ মানুষের ওপর সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থি। তারা কূটনৈতিক আলোচনা ও সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংঘাত নয়—শান্তিপূর্ণ সমাধানই টেকসই পথ। ইরানে চলমান আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, শাহিনুর রহমান, মজনু আহম্মেদ ও জিল্লু আহম্মেদ প্রমুখ।

সমাবেশ শেষে প্রতীকীভাবে ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ করা হয়।

উপরে