প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ২৩:৫৫

ধুনটে কর্মস্থলে অনুপস্থিত না থেকেও বেতন উত্তোলন

গণিত শিক্ষিকা আফরিনাকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
ধুনটে কর্মস্থলে অনুপস্থিত না থেকেও বেতন উত্তোলন
শিক্ষক আফরিনা রহমান। ছবি - সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আফরিনা রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ ওঠার পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মণ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া সদরের আতাউর রহমানের মেয়ে আফরিনা রহমান ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সহকারী শিক্ষক (গণিত) পদে চূড়ান্ত নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। বিধিমোতাবেক তিনি ২০২৩ সালের ১ অক্টোবর ধুনটের ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।

অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকে তিনি মাসে মাত্র একদিন বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর করতেন। পরে ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতির মাধ্যমে ব্যাংক থেকে বেতনের অর্থ উত্তোলন করতেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের নজরে বিষয়টি আসে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে আফরিনা রহমান অব্যাহতির জন্য আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার আবেদন মঞ্জুর করেছেন। ৩ মার্চ এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মণ বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তিনি গত ২৬ ফেব্রুয়ারি অব্যাহতির আবেদন করেন। বিধিমোতাবেক তার আবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপরে