প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ ১৬:৪৪

ধুনটে নাতির লাঠির আঘাতে বৃদ্ধ কৃষক নিহত, অভিযুক্ত কারাগারে

ধুনট, বগুড়া সংবাদদাতাঃ
ধুনটে নাতির লাঠির আঘাতে বৃদ্ধ কৃষক নিহত, অভিযুক্ত কারাগারে
অভিযুক্ত সুলতান মাহমুদ। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় নাতির লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত নাতি সুলতান মাহমুদকে (৩৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শুক্রবার (৬ মার্চ) সকালে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিহত সঞ্জব আলী শেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত সুলতান মাহমুদ একই গ্রামের হোসেন আলীর ছেলে এবং নিহতের প্রতিবেশী নাতি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা করানো হলেও পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি। মাঝে মধ্যে তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠলে পরিবারের সদস্যরা তাকে শিকলবন্দি করে রাখতেন। আবার অনেক সময় তিনি স্বাভাবিক আচরণও করতেন।

বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করে সুলতানের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। এ সময় সঞ্জব আলী শেখ বাড়ি থেকে কৃষিকাজের উদ্দেশ্যে ফসলি মাঠে যাওয়ার পথে সুলতানের বাড়ির কাছাকাছি পৌঁছালে সুলতান উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ধুনট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযুক্ত সুলতান মাহমুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উপরে