বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে ছাত্রদল কর্মীর নাম, সঙ্গে সঙ্গে পদত্যাগ
বগুড়ায় ৩১ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আরিফুর রহমান আকিবকে আহ্বায়ক এবং আলী বিন আজমকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে তিনজনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন— নাহিদুজ্জামান, জাকির হোসেন ও নূর আব্দুল্লাহ আল সা’দ। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে আলিফ, তাজনুর ইসলাম, কে এম নূরুলাহ মন্ডল ও নূর মোহাম্মদ মারুফকে।
কমিটির ২২ জন যুগ্ম আহ্বায়ক হলেন— আবির ইসলাম, শিহাবুর রহমান, তাহামীদ হোসেন, আইয়ুব আলী, রাফিত হাসান নিয়ন, বিজয় ঘোষ, রাকিবুল হাসান, আহসানুস সাদাত তকি, মেসকোয়াত তন্ময়, এ জেড এম মেহেদি হাসান, আরিয়ান রিমন, কায়েস ইসলাম বাধন, মোকারম হোসেন খোকন, নাজিমুজ্জামান নাজিম, আছিয়া আক্তার, বাঁধন, রায়হান, আল-আমিন, আনসারী আহমেদ, আরেফিন জিহাদ, ফয়সাল আকরাম ও ফয়সাল হাবিব।
এদিকে কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে নাম অন্তর্ভুক্ত করায় ছাত্রদলের সমর্থক তাজনুর ইসলাম ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তাকে অনুমতি ছাড়াই ওই পদে রাখা হয়েছে। তাই তিনি সজ্ঞানে ওই পদ থেকে পদত্যাগ করছেন। ভবিষ্যতে তার নাম ব্যবহার করে কোনো অনৈতিক কার্যক্রম করা হলে তার দায় তিনি নেবেন না বলেও উল্লেখ করেন।
তাজনুর ইসলাম আরও বলেন, তিনি ছাত্রদলের সমর্থক ও কর্মী। তাকে অন্য কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
তবে এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বা বগুড়া জেলা শাখার নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
