শিবগঞ্জে পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
আগামী পহেলা বৈশাখ থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে এই ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম এতে অন্তর্ভুক্ত।”
বিলহামলা খাল পুনঃখননের কাজের সূচনা করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, “এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, মনে হলো তিনি যেন আমাদের মাঝেই আছেন। এটি সত্যিই এক ভিন্ন অনুভূতি।”
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে বিলহামলা খালের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। প্রকৃত শ্রমিকদের পাশাপাশি স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এবং স্থানীয় রাজনীতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
