প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ০০:৩৮

সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত

আড্ডার সময় হামলা, রহস্য উদঘাটনে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক
সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত
নিহত জাকারিয়া শয়ন। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শয়ন জোড়গাছা মধ্যপাড়া গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন এবং বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রুমি-এর ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শয়ন বন্ধুদের সঙ্গে জোড়গাছা বাজারসংলগ্ন একটি রাইস মিলের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম আসাদুজ্জামান জানান, নিহত ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

উপরে