প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ২৩:৫৯

বিএনপি কর্মী মুন্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বিএনপি কর্মী মুন্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম মুন্না (৪২) হত্যা মামলার প্রধান আসামি মো. সাইউম (৩৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর তুরাগ এলাকায় এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাইউম বগুড়া সদর উপজেলার ফাঁপোর শাহারপুকুর এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। অভিযানে র‍্যাব-১ এবং র‍্যাব-১২-এর সদস্যরা অংশ নেন।

রাতে বগুড়ায় র‍্যাব-১২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, গত মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছুরিকাহত আরিফুল ইসলাম মুন্না। তিনি ফাঁপোর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, নিহত মুন্না ও সাইউমের মধ্যে মাদক ব্যবসার লেনদেন এবং একটি চেক জালিয়াতির মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই মামলার পর থেকেই সাইউম ও তার সহযোগীরা মুন্নাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মুন্না বাড়ি ফেরার পথে ফাঁপোর আদর্শ কলেজ সড়কের কাছে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সাইউমের অবস্থান শনাক্ত করে তাকে ঢাকার কামারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উপরে