প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০০:৪৭

বগুড়ায় তেল নিতে লাগবে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, জেলা প্রশাসনের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় তেল নিতে লাগবে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, জেলা প্রশাসনের নতুন নির্দেশনা

সারা দেশে জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে বগুড়ার পেট্রোল পাম্পগুলোতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে তেল দেওয়া হবে না।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, জ্বালানি সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে। সেখানে যানবাহনের কাগজপত্র যাচাই করা হবে। পাশাপাশি প্রতিটি পেট্রোল পাম্পে নির্দেশনা সংবলিত ব্যানার টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চালানো হবে।

জানা গেছে, বগুড়া জেলায় মোট ৭৮টি তেলের পাম্প রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট দেখা দেয়।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন জানান, সংকটের শুরুতে মজুত শেষ হয়ে যাওয়ায় জেলার অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে বর্তমানে জ্বালানি সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই জেলার সব ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

উপরে