প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০০:৫৫

বগুড়ায় পাওনা টাকার অজুহাতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় পাওনা টাকার অজুহাতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
অভিযুক্ত- মজনু শাহ (৫১)। ছবি- সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মজনু শাহ ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন। গ্রেপ্তারকৃত মজনু শাহ সম্পর্কে ভুক্তভোগীর মামাতো দেবর হন। পাওনা টাকা আদায়ের অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৪ মার্চ সকাল ১০টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মজনু শাহ ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে পাওনা টাকা নিয়ে কথাবার্তার সময় তিনি গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩০ মার্চ শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা (এফআইআর নং-৩১) দায়ের করেন।

মামলার পর ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপরে