বগুড়ায় অপহরণ করে হাত-পা ভেঙে দেওয়া যুবলীগ নেতা আলাল শেখের মৃত্যু
বগুড়ায় তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় আহত যুবলীগ নেতা আলাল শেখ (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আলাল শেখ শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা এবং মেরু শেখের ছেলে। তিনি শহর যুবলীগের সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিন শেখের শ্যালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন চলাকালে ‘হরিণ’ প্রতীকের প্রার্থী আলাল শেখকে একদল যুবক মোটরসাইকেলে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায়।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সেদিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আলাল শেখের বাবা মেরু শেখ বগুড়া সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় মালগ্রাম এলাকার রনি শেখ (৩০), তৌফিক খান (২৬), গোলাম রসুল ওরফে নাহিদ (৩০) ও সুমন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, আহত অবস্থায় দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। তিনি আরও জানান, মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
