জামায়াতের অভিযোগ ‘অপপ্রচার’, বিএনপি প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিযোগকে ‘অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা।
রোববার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচনি পরিবেশ প্রভাবিত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রেজাউল করিম বাদশা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি। একই সঙ্গে তিনি প্রশাসনের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা প্রত্যাশা করেন, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়িয়ে ভোটারদের মাঝে ভুল বার্তা দেওয়ার চেষ্টা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনাকাঙ্ক্ষিত। নির্বাচন ঘিরে কোনো ধরনের উসকানি বা উত্তেজনা না ছড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের অভিযোগ প্রসঙ্গে বাদশা বলেন, অভিযোগ করা হলেও সেগুলোর সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট নেতাকর্মীর বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপনির্বাচনকে ‘মাগুরা নির্বাচন’-এর সঙ্গে তুলনার প্রসঙ্গে তিনি বলেন, “এটি মাগুরা নয়, এটি বগুড়া। এখানে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম ও কে এম খায়রুল বাশার, এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপনির্বাচনটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে।
