প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ০০:৫৪

পুলিশ সার্জেন্ট পদে পুনর্বহালের দাবি জানিয়ে সাবেক সদস্যের সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তিঃ
পুলিশ সার্জেন্ট পদে পুনর্বহালের দাবি জানিয়ে সাবেক সদস্যের সংবাদ সম্মেলন

 বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ সার্জেন্ট মো. শাহিন কাদির চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

বগুড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি বাংলাদেশ পুলিশের একজন সাবেক সার্জেন্ট (বিপি নং-৫৮১১১৪১৯৩৬) ছিলেন এবং রাজনৈতিক কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি জানান, তিনি বগুড়া জেলার বাসিন্দা এবং ছাত্রজীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে অধ্যয়ন করেছেন। নিজেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে বিশ্বাসী পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন।

সংবাদ সম্মেলনে শাহিন কাদির অভিযোগ করেন, তৎকালীন কর্মস্থলে রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে চাপের মুখে পড়ে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হয়। তার দাবি অনুযায়ী, তাকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে চাকরি থেকে অব্যাহতি দেখানো হয়, যা তিনি অস্বীকার করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুনর্বহালের আবেদন করেন। তার দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট পর্যায় থেকে পুনর্বহালের বিষয়ে সুপারিশ করা হলেও এখনো তিনি চাকরিতে ফিরে যেতে পারেননি।

সাবেক এ পুলিশ সদস্য বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন এবং চাকরিতে পুনর্বহাল ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।

তিনি সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে তাকে চাকরিতে পুনর্বহাল করা হোক।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই বঞ্চিত হয়েছেন এবং তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

উপরে