প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ২১:৩৮

বগুড়ায় জ্বালানি তেলের পরিমাপ যাচাইয়ে অভিযান, রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জ্বালানি তেলের পরিমাপ যাচাইয়ে অভিযান, রেস্তোরাঁকে জরিমানা

বগুড়া শহরের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল) রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্টে একটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে চারটি ফিলিং স্টেশনে তেলের মজুত ও পরিমাপ পরীক্ষা করা হয়েছে।

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।

অভিযানকালে শহরের ছিলিমপুর এলাকার ‘বাবা শাহ কামালিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে বৈধ ব্যবসায়িক সনদ না থাকায় ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মোবাইল কোর্ট চলাকালে বগুড়া সদর উপজেলার চারটি ফিলিং স্টেশন—ছিলিমপুরের বগুড়া ফিলিং স্টেশন, ঠেঙামারার টিএমএসএস ফিলিং স্টেশন, নওদাপাড়ার মালা ফিলিং স্টেশন এবং ঝোপগাড়ীর বানু ফিলিং স্টেশন—পরিদর্শন করা হয়।

পরিদর্শনে প্রতিটি স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া গেছে বলে জানায় বিএসটিআই। তবে স্টোরেজ ট্যাংকে তেলের মজুত যাচাই করে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, পর্যাপ্ত মজুত থাকা পর্যন্ত সঠিক নিয়ম মেনে বিক্রি ও বিতরণ কার্যক্রম চালিয়ে যেতে হবে।

অভিযানকালে নিরাপত্তা বিষয়েও গুরুত্বারোপ করা হয়। ফিলিং স্টেশন মালিকদের হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপরে