প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ ২০:১৪

বগুড়া-৬ আসনের উপনির্বাচন: শেষ হলো প্রচারণা, ভোট ৯ এপ্রিল

১১ এপ্রিল পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ, প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ আসনের উপনির্বাচন: শেষ হলো প্রচারণা, ভোট ৯ এপ্রিল

 

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার (৭ এপ্রিল)। এদিন সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনি এলাকায় জনসভা, মিছিল, শোভাযাত্রাসহ সকল প্রকার প্রচারণা কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে ১১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান বা তাতে অংশগ্রহণ করতে পারবেন না।

আগামী ৯ এপ্রিল এ আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে এটি শূন্য ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

এবারের উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন প্রার্থী। তারা হলেন— বিএনপির মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), ১১-দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-এর প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

উপরে