প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ২২:৩১

বগুড়া-৬ উপনির্বাচন বাতিলের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ উপনির্বাচন বাতিলের দাবি জামায়াতের

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেছেন, এই নির্বাচন অতীতের যেকোনো বিতর্কিত নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের কলোনি এলাকার শাহওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াত আয়োজিত নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় এসব অভিযোগ তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা এবং প্রিসাইডিং কর্মকর্তাদের আগাম ব্যালটে সিল দেওয়ার মতো নানা ঘটনায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি দাবি করেন, এসব অনিয়মের কারণে নির্বাচন জনগণের আস্থা হারিয়েছে এবং এটি একটি ‘প্রহসনের নির্বাচন’-এ পরিণত হয়েছে।

অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, “আমরা এই নির্বাচন ঘৃণাভরে বর্জন করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে ফলাফল বাতিল করে নতুন তফশিল ঘোষণা করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এতে আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক আবদুল আজিজ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা উপনির্বাচনে ব্যাপক কারচুপি, জাল ভোট ও ভোটকেন্দ্র দখলের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীরা বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল এবং দ্রুত পুনর্নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।

উপরে