প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ০০:৪২

বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা।

রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি বাস সি ব্লক এলাকা অতিক্রম করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে।

দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উপরে