শিবগঞ্জে প্রথম দফায় সাড়ে ৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় সাড়ে তিন হাজারের বেশি কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রোববার (১২ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল থেকে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একইসঙ্গে বগুড়ার শিবগঞ্জ উপজেলাসহ দেশের নির্ধারিত উপজেলাগুলোতে এ কার্যক্রম চালু হবে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের আট বিভাগের ১০টি উপজেলার মধ্যে শিবগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শিবগঞ্জ ইউনিয়নের উথলি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়।
এই ব্লকে প্রায় এক হাজার হেক্টর জমি ও ২ হাজার ৬৯০টি কৃষক পরিবার রয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ৫১৬ জন কৃষকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৪৭ জনের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
প্রথম পর্যায়ে ৩ হাজার ১৫৬ জন কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে মোট ৩ হাজার ৫১৬ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন।
কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার-বীজসহ কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা পাবেন। এছাড়া সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহার, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বিমা, প্রশিক্ষণ এবং বাজারসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সহায়তা পাওয়া যাবে।
এ উপলক্ষে শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, বর্তমানে প্রি-পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে আরও ১৫টি উপজেলায় পাইলটিং কার্যক্রম চালানো হবে এবং ধাপে ধাপে তা ১০০ উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আগামী অর্থবছরে সারা দেশে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে শিবগঞ্জসহ দেশের ১০টি উপজেলা ভার্চুয়ালি যুক্ত থাকবে। এর মাধ্যমে কৃষি খাতে ডিজিটাল সেবা ও সহায়তা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
