বগুড়ায় ডিবির অভিযানে জামাই ও শাশুড়ি ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জামাই ও শাশুড়িকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকার চকযাদু রোডে শ্রম আদালতের দক্ষিণ পাশে হাড্ডিপট্টি গামী গলির মুখে কিছু ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
এরই প্রেক্ষিতে রবিবার (১২ এপ্রিল) অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে মোঃ নাহিদ উদ্দিন (৩৮) ও তার শাশুড়ি মোছাঃ আমেনা বেগম (৫৫)-কে আটক করা হয়। তারা উভয়েই চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা।
তল্লাশিকালে নাহিদ উদ্দিনের পরিহিত প্যান্টের ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট সংখ্যা ১০০ পিস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পলাতক আরও ২-৩ জন সহযোগীর সঙ্গে যোগসাজশে বগুড়া সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে এসব ট্যাবলেট বিক্রি করে আসছিল।
ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
