প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ২৩:৩৬

শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুতে ফিরিয়ে আনার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুতে ফিরিয়ে আনার উদ্যোগ

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। একসময় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত এই স্টেডিয়ামের বর্তমান অবস্থা পরিদর্শনে ক্রীড়া পরিদপ্তর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বগুড়ায় আসেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নির্ধারিত মান অনুযায়ী স্টেডিয়ামটি পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় ও বিসিবির সমন্বয়ে দ্রুত উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, আগামী জুলাই মাসে এখানে প্রমিলা বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে। আইসিসির অনুমতি সাপেক্ষে ভবিষ্যতে এই স্টেডিয়ামে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর লক্ষ্য রয়েছে।

বগুড়ায় আলাদা জেলা স্টেডিয়াম না থাকার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজ বগুড়ায় স্থাপনের চিন্তাভাবনা চলছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী অর্থবছরের শুরু থেকেই স্পোর্টস ভিলেজ ও আধুনিক ইনডোর সুবিধাসংবলিত প্রকল্পের কাজ শুরু হতে পারে।

স্টেডিয়ামের অবকাঠামোগত সমস্যা ও মালামাল চুরি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীরা ইতোমধ্যে বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করেছেন। অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপরে