প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ২৩:৩৭

জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, “জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। দেশে সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।”

তিনি আরও জানান, সরকার জ্বালানির দাম না বাড়িয়ে ভর্তুকির মাধ্যমে বেশি দামে তেল কিনে সরবরাহ অব্যাহত রেখেছে। এ খাতে আগামী জুন পর্যন্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে ৯১টি বিল পাস করেছে। এছাড়া অতীতে জারি হওয়া অধ্যাদেশগুলো পর্যায়ক্রমে বিল আকারে পাস করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২০ এপ্রিল তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু হতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মহাস্থান মোকামতলা এলাকায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপরে