প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ২৩:৫২
বগুড়ায় র্যাব ও ভোক্তার যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে দুইটি দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১১টা ২৫ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত শাজাহানপুর থানার বনানী বাজার এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি চৌকস আভিযানিক দল অংশ নেয়।
অভিযানে বনানী বাজারের ‘রাজু স্টোর’-এ মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা যায়, বোতলজাত ২ লিটার সয়াবিন তেল নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকার পরিবর্তে ৪১০-৪২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এছাড়া দোকানে মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দোকান মালিক মোহাম্মদ আলী (৮০)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই এলাকায় ‘গৌর সাহা মিষ্টির দোকান’-এ অস্বাস্থ্যকরভাবে হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় মালিক তপন সাহা (৪১)-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
