বগুড়াকে শিক্ষাক্ষেত্রে মডেল জেলায় রূপ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বগুড়াকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল জেলায় পরিণত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ অঞ্চলকে কেন্দ্র করে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পাঠদান নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
এসময় শিক্ষকদের জন্য উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়াতে সরকার কাজ করছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতাও কাজে লাগানো হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে পরীক্ষার আয়োজন করা যাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং তার ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কৃষক কার্ড বিতরণ সেই ধারাবাহিকতারই অংশ।
কৃষকদের জন্য এ উদ্যোগকে ‘নতুন হালখাতা’ উল্লেখ করে তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজে কৃষকদের কাছে পৌঁছাবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৩ হাজার ১৪৭ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হচ্ছে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সোনালী ব্যাংকের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা সহায়তা, কৃষি উপকরণ ক্রয়, সহজ শর্তে ঋণ এবং আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের সুবিধা পাবেন। এ কর্মসূচিতে প্রান্তিক, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
