প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০১:৪৭

বগুড়ায় বাস-ভটভটি সংঘর্ষে নিহত ১, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বাস-ভটভটি সংঘর্ষে নিহত ১, আহত ৬

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির (শ্যালো ইঞ্জিনচালিত যান) সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘নবীর পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে যাত্রীবোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা যাত্রীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভটভটিটি মহাসড়কের পাশ দিয়ে শহরের দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিহত ব্যক্তির স্বজনরা মরদেহ ঘটনাস্থল থেকেই নিয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত করা যায়নি। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বগুড়া শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, দুর্ঘটনার পর বাস ও ভটভটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

উপরে