প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ০২:১০

বগুড়ায় ৫ দিনব্যাপী বৈশাখী মেলা, থাকছে বর্ণিল আয়োজন

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায়  ৫ দিনব্যাপী বৈশাখী মেলা, থাকছে বর্ণিল আয়োজন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে বগুড়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা। চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ উৎসব ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বর ও পৌর পার্কে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

আয়োজকরা জানান, বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার সূচনা হবে। তবে প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে শোভাযাত্রায় মুখোশ ব্যবহার করা হবে না। শোভাযাত্রায় সাজসজ্জিত পালকি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা উপকরণ স্থান পাবে।

মেলায় থাকছে পালাগান, বাউল সংগীত, যাত্রাপালা, নাটক, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও শিশুদের সৃজনশীল প্রতিযোগিতা। এছাড়া চারু ও কারুশিল্প, কুটির শিল্পের প্রদর্শনী ও বিপণনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিদিন পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলায় প্রায় ৬০টি স্টলে স্থানীয় কারুশিল্পীদের তৈরি পণ্য, কৃষিপণ্য, বাঁশ, বেত ও পাটের সামগ্রী, মাটির তৈজস, শোলার কাজ, শিশুদের খেলনা এবং ঐতিহ্যবাহী খাবার বিক্রি হবে। শিশুদের বিনোদনের জন্য থাকবে নাগরদোলা ও সাম্পান নৌকার আয়োজন।

বগুড়া সাংস্কৃতিক ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, নববর্ষ উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপরে