বর্ণিল আয়োজনে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
বগুড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সোমবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্রের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বাঘোপাড়া অভিমুখে গিয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আয়শা বেগম ও সোহরাব আলী খান। এছাড়া ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল আহসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ শরীফ তালুকদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ অংশ নেন।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মুড়কি, বাতাসা ও খাগড়া দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বৈশাখী মেলার মূল মঞ্চে বাউল ও লোকসংগীত পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম, ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মো. নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উৎসবমুখর পরিবেশে পুরো ক্যাম্পাস দিনব্যাপী বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও নববর্ষের আনন্দে মুখরিত হয়ে ওঠে।
