বগুড়ায় শিক্ষার্থীকে ‘আমচোর’ অপমান: প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়াকে কেন্দ্র করে তিন শিশুশিক্ষার্থীকে বেত্রাঘাত ও অপমানজনক শাস্তি দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষক গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৬ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, বরখাস্তের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন এবং চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী গাছ থেকে দুটি করে কাঁচা আম পাড়ায় তাদের শাস্তি হিসেবে চারটি করে বেত্রাঘাত করেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, গত ২৯ এপ্রিল তিনি শিক্ষার্থীদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আম চোর’ লেখা কাগজ ঝুলিয়ে শ্রেণিকক্ষ ও বারান্দায় ঘোরান।
ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমে প্রকাশ পায় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, ঘটনার তদন্তে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও জানান, নিজেও ঘটনাস্থলে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক গোল সাহানারাও শিক্ষার্থীদের বেত্রাঘাত ও অপমানজনক শাস্তি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
