প্রকাশিত : ১২ মে, ২০২৬ ০০:৩৯

ধুনটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
ধুনটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ

বগুড়ার ধুনটে আব্দুল বাসেত নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (১১ মে) সকালে নির্যাতনের শিকার হওয়া এক ছাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযুক্ত আব্দুল বাসেত ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের খতিব।

অভিযোগে ভুক্তভোগী ছাত্র জানায়, গত বছর সে ধুনট পৌর এলাকার ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার ইয়াজদাহম জামাতে ভর্তি হয়। আবাসিক ছাত্র হিসেবে সে শিক্ষক আব্দুল বাসেতের কক্ষেই অবস্থান করত। এ সুযোগে শিক্ষক তাকে ভয়ভীতি দেখিয়ে রাতে বিভিন্ন সময় অনৈতিক ও আপত্তিকর কাজে বাধ্য করতেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া শুধু ওই ছাত্র নয়, আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলামকে জানালে তিনি বিচার করার আশ্বাস দেন। তবে অভিযোগকারীদের দাবি, পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং তাদের ভয়ভীতি দেখানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল বাসেত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সম্মানহানির উদ্দেশ্যে শত্রুতাবশত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।”

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলামও অভিযোগকে সাজানো দাবি করে বলেন, “ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করেছি। অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।”

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগ পাওয়ার পর ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপরে