বগুড়া সিটি করপোরেশনে গঠিত হচ্ছে ‘ওয়াসা’
বগুড়া সিটি করপোরেশন এলাকায় পরিবেশবান্ধব, টেকসই ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে পূর্ণাঙ্গ ‘ওয়াসা’ (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সরকার।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া সিটি এলাকায় আধুনিক ও গণমুখী পানি সরবরাহ এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই প্রশাসনিক কাঠামো, জনবল নিয়োগ ও নাগরিক সেবা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবেই আধুনিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে নগরীর করতোয়া নদী দূষণ এবং ভূগর্ভস্থ পানির আর্সেনিক ঝুঁকি কমাতে সমন্বিত পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ওয়াসা নগরীর সম্প্রসারিত এলাকার পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
