ওমরাহ হজের নামে প্রতারণা, বগুড়ার ট্রাভেল এজেন্সি মালিক গ্রেপ্তার
বগুড়ায় ওমরাহ হজে পাঠানোর কথা বলে ১৫ জনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবু তালেব কাজল নামের এক ট্রাভেল এজেন্সি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।
সোমবার ১৮ মে ঢাকার একটি প্রাইভেট কারের শোরুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার কাহালু উপজেলার ভাগদুবড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার ১৯ মে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান। তিনি জানান, বগুড়া শহরের বড়গোলায় আবু তালেব কাজলের মালিকানাধীন “ব্রাদার্স ট্রাভেলস অ্যান্ড ট্যুরস” নামে একটি হজ এজেন্সির অফিস ছিল। চলতি বছরের শুরুতে তিনি ওমরাহ হজে পাঠানোর নামে ১৫ জনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেন। পরে ভুক্তভোগীদের ভুয়া ভিসা ও বিমানের টিকিট দেওয়া হয়। ফলে তারা ওমরাহ পালন করতে যেতে পারেননি।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে দেলোয়ার হোসেন পশারী হিরু গত ২৩ জানুয়ারি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
পিবিআই জানায়, মামলার পর আবু তালেব কাজল ঢাকায় আত্মগোপনে চলে যান এবং পল্টন এলাকায় নতুন করে হজ এজেন্সির কার্যক্রম শুরু করেন। দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় মামলার তদন্তভার স্বপ্রণোদিত হয়ে গ্রহণ করে পিবিআই। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার একটি প্রাইভেট কারের শোরুম থেকে আটক করা হয়। সে সময় তিনি ৩৮ লাখ টাকায় একটি প্রাইভেট কার কেনার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।
পিবিআই আরও জানিয়েছে, ওমরাহ হজের নামে প্রতারণার পাশাপাশি বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক বেকার যুবকের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকতারুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে আবু তালেব কাজলকে বগুড়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
