প্রকাশিত : ২১ মে, ২০২৬ ০০:২৪

ট্রান্সফরমার চুরির সময় বেজে উঠলো অ্যালার্ম, গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
ট্রান্সফরমার চুরির সময় বেজে উঠলো অ্যালার্ম, গণপিটুনিতে যুবক নিহত

বগুড়ার শেরপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. রাফি মন্ডল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাফি মন্ডল ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচপাম্প পরিচালনা করেন। চুরি ঠেকাতে তারা পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ সতর্কবার্তা ডিভাইস (অ্যালার্ম) সংযুক্ত করেছিলেন।

গভীর রাতে রাফি ও জাহাঙ্গীর ট্রান্সফরমারটি চুরি করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে মালিকদের মোবাইল ফোনে কল চলে যায়। পরে মালিকপক্ষ চিৎকার শুরু করলে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং দুই যুবককে আটক করে।

এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে রাফি মন্ডলের মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন জানান, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনির ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপরে