প্রকাশিত : ২১ মে, ২০২৬ ০০:৩২

বগুড়ায় ‘শক্তি দই’ কারখানায় অভিযান, ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ‘শক্তি দই’ কারখানায় অভিযান, ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর ‘শক্তি দই’ কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ও তথ্য গোপনের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর যৌথ উদ্যোগে এ বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মনিটরিংকালে দেখা যায় প্রতিষ্ঠানটি তাদের ‘প্লেইন ইয়োগার্ট’ ব্র্যান্ডের শক্তি দইয়ে কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহার করলেও পণ্যের মোড়কে তা উল্লেখ করেনি।

এছাড়া ‘ফর্টিফাইড টক দই’ পণ্যে ‘সোডিয়াম ট্রাই পলিফসফেট’ নামের রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল, যার তথ্যও মোড়কে উল্লেখ ছিল না। চিকিৎসকদের মতে, এই রাসায়নিক উপাদান প্রি-ডায়াবেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী ও শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া যায় দই তৈরির মূল উপাদান দুধে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির প্রাথমিক পরীক্ষায় তরল দুধে মানুষের শরীরের জন্য ক্ষতিকর ‘টেট্রাসাইক্লিন’ ও ‘বিটা ল্যাকটাম’ অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত হয়। পরবর্তী বিস্তারিত পরীক্ষার জন্য কারখানা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

পণ্যে ক্ষতিকর উপাদান ব্যবহার এবং মোড়কে তথ্য গোপনের অভিযোগে শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২(ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে বগুড়ার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, শাজাহানপুরের নিরাপদ খাদ্য পরিদর্শক ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল বাংলাদেশ পুলিশ এর শাজাহানপুর থানা পুলিশের একটি দল।

উপরে