প্রকাশিত : ২৬ মে, ২০২৬ ০০:০০

শাজাহানপুরে মহাসড়কে মোটরসাইকেলে ধাক্কা: বাবা-মেয়ে নিহত, মা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
শাজাহানপুরে মহাসড়কে মোটরসাইকেলে ধাক্কা: বাবা-মেয়ে নিহত, মা গুরুতর আহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার চার বছরের মেয়ে নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্ত্রী গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতরা হলেন- রংপুরে ব্র্যাকের কর্মকর্তা আনিছুর রহমান এবং তার চার বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগম আনিছুর রহমানের স্ত্রী।

ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে পাবনার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আনিছুর রহমান। সকাল সাড়ে ছয়টার দিকে বনানী এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বাবা আনিছুর রহমান ও শিশু পুষ্পর মৃত্যু হয়। আয়েশা বেগম গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।”

উপরে