মোকামতলায় মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
বগুড়ার মোকামতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কায় বিপুল রহমান (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলা সদরের মোকামতলায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল রহমান শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি রায়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং মোকামতলায় একটি মোবাইল সিম কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল রহমান দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ কুন্দাহারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজার রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
