প্রকাশিত : ২৭ মে, ২০২৬ ০০:৫৯

দুপচাঁচিয়ায় চলন্ত বাসে নারীকে শ্লীলতাহানির অভিযোগে মুদি ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
দুপচাঁচিয়ায় চলন্ত বাসে নারীকে শ্লীলতাহানির অভিযোগে মুদি ব্যবসায়ী গ্রেপ্তার
অভিযুক্ত মো. আব্দুর রাজ্জাক ওরফে মিঠু। ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলন্ত বাসে এক বিধবা নারীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আব্দুর রাজ্জাক ওরফে মিঠু (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সকালে উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক মিঠু উপজেলার বড়িয়া গ্রামের বাসিন্দা এবং জিয়ানগর বাজারে মুদি ব্যবসা করেন।

ভুক্তভোগী মোছা. শারমিন সুলতানা (৩১) জিয়ানগর সোহাগীপাড়া এলাকার বাসিন্দা। প্রায় ১৫ মাস আগে স্বামীর মৃত্যুর পর তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগে বলা হয়, বাজারে কেনাকাটার সুবাদে আব্দুর রাজ্জাক মিঠুর সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে প্রেমের প্রস্তাব, অশালীন ইঙ্গিত ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ছেলেকে চিকিৎসার জন্য দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শারমিন সুলতানা বেড়াগ্রাম বাসস্ট্যান্ড থেকে আক্কেলপুর-বগুড়া রুটের ‘রাইসা পরিবহন’ নামের একটি মিনিবাসে ওঠেন। বাস চলন্ত অবস্থায় অভিযুক্ত মিঠু একই বাসে উঠে তার পাশে দাঁড়ান এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর চিৎকারে বাসের যাত্রীরা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

উপরে