বাসের টিকিট নেই, ট্রাকে উঠলেন ঈদযাত্রীরা; মাঝপথে নামিয়ে দিল বিআরটিএ
বগুড়ার বনানী এলাকায় চলন্ত ট্রাক থেকে ২০০ থেকে ৩০০ ঈদযাত্রীকে নামিয়ে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাসের টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন ট্রাকে অবৈধভাবে যাত্রী পরিবহন করতে দেখা যায়। ম্যাজিস্ট্রেটের নির্দেশে যাত্রীদের ট্রাক থেকে নামিয়ে দেওয়া হয়। এতে মাঝপথে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো যাত্রীরা।
ভুক্তভোগী যাত্রী জিসান বলেন, “দুই দিন ধরে বাসের টিকিট পাচ্ছি না। বাড়িতে মা-বাবা, স্ত্রী ও সন্তান অপেক্ষা করছে। জীবনের ঝুঁকি জেনেও ট্রাকে উঠেছিলাম। কিন্তু মাঝপথে নামিয়ে দেওয়ায় এখন হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই।”
আরেক যাত্রী ফয়সাল আহম্মেদ বলেন, “ট্রাক থেকে নামিয়ে দেওয়ার পর গাড়ি চলে গেছে। এখন আমরা কোথায় যাব?”
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাস বলেন, “ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানচলাচল নিরাপদ রাখতে সরকার কঠোর অভিযান চালাচ্ছে। সম্প্রতি যমুনা সেতু এলাকায় ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার পর এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, জরুরি সেবা ও কাঁচামালবাহী ট্রাক ছাড়া ঈদের তিন দিন আগে ও তিন দিন পর ট্রাকে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ অভিযান আগামী ৬ জুন পর্যন্ত চলবে।
