প্রকাশিত : ৩ জুন, ২০২৬ ০১:০১

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ৩

বগুড়ার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত থেকে মঙ্গলবার (২ জুন) দুপুর পর্যন্ত জেলার দুপচাঁচিয়া, কাহালু ও ধুনট উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পলাশ হোসেন (৪০) নিহত হন। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মন্ডলের ছেলে এবং পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান।

অন্যদিকে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম হোসেন (১৮) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা শামীম হোসেন (১৮)। তারা দুজনেই বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ফ্রিজ মিস্ত্রি ছিলেন। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া সেতু এলাকায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২৮) নিহত হন। আহত হন তার সঙ্গী আশিক আহমেদ (২২)। নিহত ও আহত দুজনই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপরে