প্রকাশিত : ৮ জুন, ২০২৬ ০১:২১

১৭ মাস পর ভারত থেকে দেশে ফিরলেন নন্দীগ্রামের ২৮ শ্রমিক

নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ
১৭ মাস পর ভারত থেকে দেশে ফিরলেন নন্দীগ্রামের ২৮ শ্রমিক

জীবিকার সন্ধানে ভারতে গিয়ে দীর্ঘ ১৭ মাস বন্দি থাকার পর দেশে ফিরেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২৮ জন শ্রমিক। সম্প্রতি বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা দেশে প্রবেশ করেন।

শনিবার (৬ জুন) স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিসহ এক পোস্টের মাধ্যমে শ্রমিকদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি চারমাথা বাজারে ভারতফেরত শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাদের খোঁজখবর নেন, সুখ-দুঃখের কথা শোনেন এবং আপ্যায়ন করেন। তবে নিরাপত্তাজনিত কারণে শ্রমিকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কথিত দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে কাজের উদ্দেশ্যে যান বুড়ইল ইউনিয়নের কহুলী ও আশপাশের গ্রামের ২৮ শ্রমিক। সেখানে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে ১৪ মাস কারাভোগের পর তামিলনাড়ুর একটি আশ্রয়কেন্দ্রে আরও তিন মাস মানবেতর জীবনযাপন করেন।

বিষয়টি জানতে পেরে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন সংসদ সদস্য মোশারফ হোসেন। গত ৪ এপ্রিল তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর দুটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠান। ওই পত্রে বাংলাদেশি দূতাবাস ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং ভারতীয় কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ ১৭ মাস পর তারা মুক্তি পেয়ে দেশে ফিরতে সক্ষম হন।

এ বিষয়ে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, “মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়, মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াও গুরুত্বপূর্ণ। শ্রমিকরা দীর্ঘদিন ভারতে মানবেতর জীবনযাপন করলেও তাদের উদ্ধারে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বিষয়টি জানার পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং তাদের দেশে ফিরিয়ে আনতে পেরে আমি আনন্দিত।”

এদিকে নিরাপদে দেশে ফিরে আসতে পেরে শ্রমিকরা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস এবং তাদের মুক্তি ও প্রত্যাবর্তনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপরে