শাজাহানপুরে অটোরিকশা–প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন আহত, একজন আইসিইউতে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার বনানী এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই সড়কে চলাচলরত একটি প্রাইভেটকার পেছন দিক থেকে থ্রিহুইলার অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন শাজাহানপুর উপজেলার আশেকপুর মণ্ডলপাড়া গ্রামের আলী আজগর খন্দকারের ছেলে মো. গোলাম আজম (৩৫), একই এলাকার মো. আইন উদ্দিনের ছেলে মো. একরামুল হক (৪০) এবং শাকপালা গোয়ালগাড়ী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. তুর্জ (৩৭)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, দুর্ঘটনার সময় একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে চলা অটোরিকশাকে সজোরে আঘাত করে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত একজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাসুদ রানা জানান, প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
