বগুড়ার হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য নারী আটক
বগুড়া মহানগরীর চারমাথা এলাকার সেঞ্চুরি মোটেলে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঠাকুরগাঁও এলাকা থেকে আটক করা হয়। আটক নারীর নাম মোর্শেদা বেগম (৩৫)। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, আটক নারী নিজেকে নিহত বিপুল চন্দ্র পালের প্রেমিকা বলে স্বীকার করেছেন। কয়েক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানা গেছে। ওই সম্পর্কের সূত্র ধরেই তারা হোটেলে উঠেছিলেন। সেঞ্চুরি মোটেলের সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে, যেখানে নিহত বিপুলকে ওই নারীর সঙ্গে হোটেলে প্রবেশ করতে দেখা গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বিপুল চন্দ্র পাল সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষে ভাড়া নেন। পরদিন শনিবার নির্ধারিত সময় পার হলেও কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে যৌন উত্তেজক কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
