জাকিরের সেঞ্চুরি ও ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ে এ দলকে ৮৫ রানে হারাল বাংলাদেশ এ
সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ২৭৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে এ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে একটু চাপে পড়লেও জাকির হাসান ও ইফতেখার আহমেদের ১৫৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইফতেখার ৫৮ বলে ৭০ রান করেন। জাকির হাসান ১১৯ রানের ঝকঝকে সেঞ্চুরি করেন। পরে রাতুলের ঝড়ো ৪১ রান (১৮ বলে) এবং অন্যদের ছোট ছোট ইনিংসে দল ৩৬৪ রানের বড় সংগ্রহ করে।
জিম্বাবুয়ে এ’র আরনেষ্ট মাশুকু ৩টি উইকেট নেন।
জবাবে শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ম্যাথিউ ক্যাম্বেল ৫২ রান করেন। তবে ৬ নম্বরে নেমে উইসলে মাধেভেরে একাই লড়াই চালিয়ে ৯৩ বলে ১১৬ রান করেন। শেষ পর্যন্ত তার বিদায়ের সঙ্গে সঙ্গে ২৭৯ রানে থামে জিম্বাবুয়ে।
বাংলাদেশের সোহানুদ্দৌলা বর্ষন ও সামিউন বাশির ৩টি করে উইকেট নিয়ে সেরা বোলিং করেন।
বিসিবি দর্শকদের জন্য বিনা টিকিটের ব্যবস্থা করলেও মাঠে দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক। সামিয়ানায় ঢাকা একটি গ্যালারি ছাড়া বাকি গ্যালারিগুলো ছিল প্রায় ফাঁকা। দর্শকরা পরের ম্যাচে পুরো স্টেডিয়ামে সামিয়ানা টানানোর দাবি জানিয়েছেন।
সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
