প্রকাশিত : ৯ জুন, ২০২৬ ০১:২৭
বগুড়ায় মাদকসহ সুন্দরী নারী গ্রেপ্তারের ছবিটি এআইয়ে তৈরী
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানের পর স্থানীয় কয়েকটি গণমাধ্যমে ওই নারীর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিতে তৈরি ছবি প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
রোববার (৭ জুন) শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছালেহা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী মো. আব্দুস সোবাহান (৪৫) পালিয়ে যান।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান সোমবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছালেহা আক্তারের বাড়ি থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, “আমরা গণমাধ্যমে যে ছবি দিয়েছি, তাতে নারীর মুখমণ্ডল ব্লার করা ছিল। এআই প্রযুক্তিতে তৈরি ছবিটি আমাদের দেওয়া নয়। এর দায়ভার যারা তৈরি করেছে তাদের।”
এআই দিয়ে তৈরি ছবিতে নারীর সৌন্দর্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকে ছবিটি শেয়ার করে ভাইরাল করেন।
ডিএনসি জানিয়েছে, অভিযুক্তের পরিচয় গোপন রাখতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
