বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত, মামলার নথিপত্র ছিনতাই
বগুড়া শহরে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই মইনুল ইসলাম কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে করে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে ফুলদীঘি এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং তাকে ডান পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় এসআই মইনুল ইসলাম একজন অটোরিকশাচালকের সহায়তায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে সেখানে তাকে ভর্তি করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। কী কারণে এসআই মইনুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
